অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ২৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল সোমবার অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বেশি দামে বিক্রির দায়ে ২৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অধিদপ্তর ঢাকা মহানগরে বাজার তদারক করে। তদারকির সময় লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় সুইটহার্ট চায়নিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং মোহাম্মদ আলী ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা ও মেসার্স হাবিবা ফুড প্রডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দোকানগুলোয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খাবার তৈরি হচ্ছিল।
চকবাজার এলাকায় পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকার অপরাধে আমানিয়া বেকারি অ্যান্ড সুইটসকে ২৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বোম্বে সুইটস অ্যান্ড চানাচুর ও মধুবনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। রামপুরা ও শাহজাহানপুর এলাকায় পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকার অপরাধে সততা বেকারি অ্যান্ড সুইটসকে ৩ হাজার টাকা এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাড্ডা এলাকায় বাটখারা বা ওজন পরিমাপকযন্ত্রে কারচুপির অপরাধে আল্লাহর দান ব্রয়লারকে ২ হাজার টাকা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স মা জেনারেল স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই জেনারেল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। শারমিন ব্রেড অ্যান্ড বেকারিকে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রে পাওয়া অভিযোগ শুনানি করেন। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি না করার অপরাধে স্বপ্নকে ৪ হাজার টাকা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে শর্মা হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা ও সিটি করপোরেশনের প্রতিনিধি এসব তদারকির কাজে সহায়তা করেন। বিজ্ঞপ্তি।