অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর মহল্লায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই একটি বেকারিতে খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মহল্লার আবদুল মান্নান মিয়ার বাড়ি ভাড়া নিয়ে টিনশেড ঘরে মনির হোসেন নামের এক ব্যক্তি বেকারি স্থাপন করেছেন। বেকারিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মাত্র ২০০ মিটার দূরে ও উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর ঘেঁষা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দুই বছর ধরে এ বেকারিতে বিস্কুট, কেক, পাউরুটি, চানাচুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, আলমগীর ও নাসির উদ্দিন নামের দুই তরুণ মেঝেতে পা দিয়ে মাড়িয়ে ময়দার খামির করছেন। তরুণদের শরীরের ঘাম ঝরে খামিরে পড়ছে। পাশেই খোলা ড্রামে রাখা পোড়া তেল। তেল ও অন্যান্য খাবারের ওপর মশা-মাছি মরে আছে। কয়েকজন শিশু খালি গায়ে বিভিন্ন খাবার প্যাকেটজাত করছে। খাবারে বিভিন্ন রং ও স্যাকারিন ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বেকারির খাদ্যসামগ্রী উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। বেকারিটি বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশকে বললেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
বেকারির মালিক মনির হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ। অল্প পুঁজিতে ব্যবসা করি। আমাদের পক্ষে বিএসটিআই ও প্রশাসনের অনুমোদন নিয়ে ব্যবসা চালিয়ে রাখা সম্ভব নয়। বেকারির কারিগরেরা ভালোভাবে হাত-পা ধুয়ে খাবার তৈরি করে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহাম্মেদ চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি খাবার খেয়ে পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে মানুষের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভুঞাঁ বলেন, ‘আমার অফিসের পাশে একটি বাড়িতে গোপনে অবৈধভাবে বেকারি সামগ্রী তৈরি করা হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। দু-এক দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’