অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে ঈদ সামনে রেখে ভেজাল লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ উপকরণ দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এসব লাচ্ছা সেমাই। ভেজালবিরোধী অভিযান শিথিল হওয়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এসব লাচ্ছা সেমাই খোলা অবস্থায় ও পলি প্যাকেটে বিক্রির অভিযোগ উঠেছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ সামনে রেখে সৈয়দপুর শহরের পাড়া-মহল্লায় গড়ে উঠেছে লাচ্ছা সেমাইয়ের অসংখ্য কারখানা। এ ছাড়া বিভিন্ন হোটেল, কনফেকশনারিতেও লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছে। যত্রতত্র লাচ্ছা সেমাই তৈরির মৌসুমি ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছেন। প্রতিবছরই ঈদে শহরের এসব মৌসুমি ব্যবসায়ী কোনো সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে তৈরি করছেন লাচ্ছা সেমাই।
অনুসন্ধানে জানা গেছে, অধিকাংশ কারখানা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠিত অনেক কোম্পানির লেবেল লাগিয়ে লাচ্ছা সেমাই বাজারজাত করছে। মানুষের খাওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব লাচ্ছা সেমাই শহরের চাহিদা মিটিয়ে স্থানীয় হাটবাজার ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা শহরে অবাধে পাঠানো হচ্ছে। বিশেষ করে ভেজালবিরোধী অভিযান শিথিল হয়ে পড়ায় লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। শহরের অলিগলিতে অস্থায়ী কারখানায় দিনরাত চলছে সেমাই তৈরির কাজ। আর অধিক মুনাফার আশায় এসব লাচ্ছা সেমাইতে ব্যবহার করা হচ্ছে ব্যবহারের অনুপযোগী নিম্নমানের ময়দা, পামতেলসহ পোড়া তেল।
শহরে সেমাই ও লাচ্ছা সেমাই তৈরির হাতে গোনা কয়েকটি বৈধ কারখানা থাকলেও তারা বিপাকে পড়েছে মৌসুমি ব্যবসায়ীদের দাপটে। শহরের কাজীহাট, পুরাতন বাবুপাড়া, বাঁশবাড়ি, হাতিখানা, নিয়ামতপুর, মুন্সিপাড়া, গোলাহাটসহ শহরতলির আনাচকানাচে লাচ্ছা সেমাই তৈরির কারাখানা চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি আখতার সিদ্দিকী বলেন, অবৈধ মৌসুমি ব্যবসায়ীদের কারণে তাঁদের ব্যবসা মার খাচ্ছে। তাঁদের সেমাই ও লাচ্ছা সেমাইয়ের দাম বেশি হওয়ায় বিক্রি শূন্যের কোঠায় নেমে এসেছে।