ভেজালবিরোধী পৃথক অভিযান চালিয়ে গতকাল সোমবার আটটি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা জেলা প্রশাসন: অপরিচ্ছন্ন পরিবেশে দুগ্ধজাত পণ্য ও অবৈধভাবে নিম্নমানের লজেন্স তৈরি করায় খিলক্ষেতের দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ঢাকা জেলা প্রশাসন, আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে দিনব্যাপী এই আদালত পরিচালনা করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে খিলক্ষেতের বরুয়া এলাকায় আরএসএফ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস ঢাকা প্রাইম ব্র্যান্ডের পাস্তুরিত দুধ ও দুগ্ধপণ্য তৈরি ও বিক্রয় করে আসছিল। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে দুধ, দই, ঘি, লাবাং, ফ্লেভার্ড মিল্ক, পাস্তুরিত দুধ উৎপাদন করা হচ্ছে। কর্মচারীদের কাউকেই অ্যাপ্রোন, গ্লাভস, মাস্ক, ক্যাপ ব্যবহার করতে দেখা যায়নি। এ ছাড়া তরল দুধ তৈরিতে গরুর দুধের পরিবর্তে পাউডার দুধ ব্যবহার করা হচ্ছে। অথচ দুধ ও দুগ্ধজাত পণ্য অত্যন্ত স্পর্শকাতর। এসব পণ্যে নিয়মিত বায়োকেমিক্যাল ও অণুজীববিজ্ঞানে পরীক্ষার মাধ্যমে মান নিয়ন্ত্রণের বিধান থাকলেও প্রতিষ্ঠানটি তা করেনি। তারা এভাবেই বাজারজাত করে আসছে। তাই এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা; অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই এলাকায় এইচবি ফুড ও বেভারেজ লিমিটেড বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ফ্রুটি লজেন্স তৈরি করে আসছিল। তাতে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়েছিল। এই প্রতিষ্ঠানের মালিককেও আড়াই লাখ টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, প্রতিষ্ঠান দুটিকে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে লক্ষাধিক টাকার দুগ্ধজাত পণ্য ও লজেন্স জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ: অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় চকবাজার এলাকায় এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া চকবাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করার অপরাধে শাহজালাল নামের এক পাইকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন
আদালত। গতকাল বেলা একটার দিকে এই আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পবিত্র রমজান উপলক্ষে চকবাজার, মৌলভীবাজার ও ছোট কাটারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন: সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন ও হিমায়িত মাংস রাখায় মোহাম্মদপুরের সুপার শপ মীনা বাজারকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ দখলের দায়ে একটি দোকানকে ২০ হাজার ও আরেকটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বেলা ১১টায় ডিএনসিসির অঞ্চল-৫-এর কর্মকর্তা অজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে মোহাম্মদপুরে ফুটপাত দখল করে নির্মিত জান্নাত হোটেলের পাকা চুলা ভেঙে দেওয়া হয়।
অজিউর রহমান সাংবাদিকদের বলেন, সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন করায় মীনা বাজারকে এক লাখ ও গরুর মাংস হিমায়িত করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।