
মাঝখানে চলাচলের সরু অন্ধকার পথ। দুই পাশে গুদামঘরের মতো শ্রেণিকক্ষ। বিদ্যুৎ চলে গেলে ভাপসা গরম আর ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায় পুরো ভবন। বৃষ্টি হলে ভবনের ছাদ বেয়ে গড়িয়ে পড়ে পানি। এ দুরবস্থা মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের। এ রকম অস্বাস্থ্যকর পরিবেশেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ১৯৪৪ সালে সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৬৭ সালে উত্তর পাশে ‘এল’ আকৃতির পুরোনো ভবনটি নির্মাণ করা হয়েছিল। পরে দক্ষিণ দিকে পুরোনো ভবনের সঙ্গে মিলিয়ে ২০০৫-০৬ অর্থবছরে দুটি কক্ষের নতুন আরেকটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ের শিক্ষার্থী ৪৯৬ জন। শিক্ষক আছেন আটজন।
১ জুন সরেজমিনে বিদ্যালয়ের প্রবেশপথের ফটক পেরিয়ে ভবনে ঢুকতেই চোখে পড়ে গুদামঘরের মতো ডানে ও বাঁয়ে দুই সারির শ্রেণিকক্ষ। কক্ষগুলোর বেঞ্চে গাদাগাদি বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। ভেতরে ভাপসা গন্ধ। আলো-বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পুরোনো ভবনের কক্ষগুলো ছোট। কক্ষের অবস্থাও ভালো না। অনুন্নত পরিবেশের কারণে কোনো সচ্ছল পরিবারের ছাত্রছাত্রী এ বিদ্যালয়ে ভর্তি হয় না। ভর্তি হলেও থাকে না।
সাতজন শিক্ষার্থী জানায়, বৃষ্টি এলে নতুন ও পুরোনো ভবনের জোড়া লাগানো অংশের ফাঁক দিয়ে ভেতরে পানি পড়ে। এতে স্যাঁতসেঁতে হয়ে গেছে ভবনের ভেতরের বিভিন্ন অংশ। তাদের জন্য খেলাধুলার মাঠ থাকা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গাও নেই। শৌচাগার একটি। কিন্তু সেটি ব্যবহার করা যায় না। তারা বাইরে গিয়ে আশপাশের বাসার শৌচাগার ব্যবহার করে।
সহকারী শিক্ষিকা রীতা চ্যাটার্জি বলেন, ‘আমরা ভালোভাবে পড়াতে পারি না। ছাত্রছাত্রীর জায়গা হয় না। বিদ্যুৎ চলে গেলে আর ক্লাস করা যায় না। নতুন ভবন হওয়ার পর বিদ্যালয়ের ভেতরটা অন্ধকার হয়ে গেছে।’ আরেক শিক্ষিকা সুবর্ণা চক্রবর্তী বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের বসার জন্য ভালো জায়গা নেই। জায়গার জন্য অ্যাসেম্বলিও করানো যায় না। খেলাধুলার সুযোগই নেই।
অভিভাবক কাজল বেগম বলেন, শিক্ষকেরা পড়ানোর অনেক চেষ্টা করেন। কিন্তু এখানে পড়াশোনার পরিবেশ নেই। সামর্থ্য না থাকায় নিরুপায় হয়ে এখানে ছেলেমেয়েদের ভর্তি করেছেন।
প্রধান শিক্ষিকা সৈয়দা সাফেকা বেগম বলেন, বিভিন্ন সময় বিদ্যালয়ের এ অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনেকে এসে দেখেও গেছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বলেন, নতুন করে ভবন নির্মাণের চেষ্টা চলছে।