অহনদের কষ্ট দূর হচ্ছে
রক্তের উপাদান আলাদা করার জন্য ব্লাড সেল সেপারেটর (রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজার) নামের নষ্ট যন্ত্রটি ঠিক করেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার থেকে এই যন্ত্রের মাধ্যমে সেবা দেওয়া শুরু হয়েছে।
এ যন্ত্র দিয়ে রক্তের শ্বেত কণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা ও প্লাজমা আলাদা করা যায়। এক ব্যাগ রক্ত চারটি ভিন্ন প্রয়োজনে ব্যবহার করা সম্ভব।
হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এস এম তুষার আলম প্রথম আলোকে বলেন, বিভাগের উদ্যোগে নিজস্ব অর্থায়নে অনেক কাঠখড় পুড়িয়ে যন্ত্রটি ঠিক করা হয়েছে। ঠিক করার পর কয়েক দিন পরীক্ষামূলকভাবে রক্তকণিকা আলাদা করা হয়েছিল। এখন এই যন্ত্রের মাধ্যমে সেবা দেওয়া শুরু হয়েছে।
থ্যালাসেমিয়া–আক্রান্ত শিশু অহন ও তার পরিবারের কষ্ট নিয়ে গত ১০ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘যন্ত্র নষ্ট অহনদের কষ্ট’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
যন্ত্রটি চালু হওয়ার পর অহনের প্রতিক্রিয়া জানতে চাইলে সে বলে, সে দারুণ খুশি হয়েছে। এখন থেকে তার মতো খুলনার অন্য রোগীদেরও কষ্ট কমবে।