ভাঙাচোরা কাঠের সেতুগুলো দিয়ে চলাচল করতে গিয়ে লোকজন অহরহ দুর্ঘটনার কবলে পড়ছে। শিশুরা স্কুলে যেতে পারছে না। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত নেওয়া হয়নি এই ভাঙা সেতুর কারণে। বাগেরহাটের মংলার সুন্দরবন ইউনিয়নে কাটাখালী এলাকার লোকজন দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন। জানা গেছে, সেতু ছয়টি সংস্কারের জন্য কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার পুরো কাজ না করেই বিলের অধিকাংশ টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সেতু মেরামত ও ঠিকাদারের শাস্তির দাবিতে সম্প্রতি তাঁরা বিক্ষোভ পর্যন্ত করেছেন।উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সুন্দরবন ইউনিয়নের ছয়টি কাঠের সেতু মেরামতের জন্য তিন লাখ ৯০ হাজার টাকার কাজ পান ঠিকাদার মো. মোজ্জামেল হক। বাঁশতলার কাটাখাল, বুড়বুড়িয়া খাল, তারুয়া খাল, মাদুরপাল্টা শিবের খাল, কচুবুনিয়া খালের ওপর অবস্থিত কাঠের পুল সংস্কারের জন্য গত ২ মে কাজ পেয়ে ৩০ জুনের মধ্যে তা সম্পন্নের কথা। কিন্তু ঠিকাদার চারটি সেতুর আংশিক মেরামত ও দুটির কোনো কাজ না করেই প্রায় পুরো টাকা তুলে নেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুগুলোর কোনো মেরামত না হওয়ায় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।গত বৃহস্পতিবার সকালে কাটাখালী এলাকার চায়না মার্কেটসংলগ্ন কাটাখালী কাঠের সেতুটি মেরামতের দাবিতে সেখানে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সেতুটি বছরখানেক ধরে বেহাল থাকায় দুর্ভোগের শেষ নেই স্থানীয় ব্যক্তিদের। ভুক্তভোগী স্কুলশিক্ষক শিখা রানী সরকার বলেন, ‘সেতুটি ভাঙা থাকায় স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করতে পারছে না। এতে কাটাখালী শিশু বিদ্যাপীঠের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।’ স্থানীয় ব্যবসায়ী লিয়াকত আলী খান ও নজরুল ইসলাম খাঁ অভিযোগ করেন, ‘ঠিকাদার মোজাম্মেল হক সেতু মেরামত না করেই বিলের টাকা তুলে আত্মসাৎ করেছেন। আমরা এলাকাবাসী এর বিচার চাই।’ গত বৃহস্পতিবার ফরিদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, গত দুই দিনে সেতুর ওপর থেকে পড়ে নারীসহ আট-নয়জন আহত হয়েছে। তাদের মধ্যে নুরনবী হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক।’সুন্দরবন ইউপির চেয়ারম্যান ফকির আবুল কালাম বলেন, ‘ছয়টি সেতুর দুটিরই কোনো সংস্কার হয়নি। একটির কাজে আমার নিজের পকেট থেকে টাকা দিয়েছি। জনগণ খুব কষ্টের মধ্যে আছে। এভাবে কাজ না করে টাকা উঠিয়ে নেওয়া গুরুতর অন্যায়।’ঠিকাদার মোজাম্মেল হক বলেন, সেতু মেরামতের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে, তা দিয়ে কোনোভাবেই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তবে বিলের যে টাকা তোলা হয়েছে, তা দিয়ে শিগগির কাজ শুরু করা হবে।’উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ঠিকাদারকে পুরো বিল দেওয়া হয়নি। অবশ্যই ঠিকাদারকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হবে। কাজ শেষ হওয়ার আগে কীভাবে বিলের অধিকাংশ টাকা দেওয়া হলো—এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।