অহিংস আন্দোলনের প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সহিংসতা রুখব, শান্তির দেশ গড়ব’ শিরোনামে বরিশালে সপ্তাহব্যাপী অহিংস আন্দোলন প্রচারাভিযান শুরু হয়েছে। সাধারণ নাগরিকদের মধ্যে দেশপ্রেম, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অহিংস মনোভাব জাগ্রত করার উদ্যোগ নিয়ে ১৮ অক্টোবর পর্যন্ত ওই কর্মসূচি পরিচালিত হবে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের প্রেসক্লাব মিলনায়তন এবং দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই তথ্য জানানো হয়। প্রচারাভিযানে সহযোগিতা দিচ্ছে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান আভাস ও স্পিডট্রাস্ট।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসীরা মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। ভূমিকা রাখছে দেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে। কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্রে ধর্মীয়ভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ের এসব সহিংসতা আমাদের বন্ধনকে দুর্বল করে দিচ্ছে। যা সব ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণি-পেশার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ থেকে বের হতে হলে প্রগতিকামী সব পেশার মানুষ, গণমাধ্যম ও রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ।
অহিংস আন্দোলন প্রচারাভিযান বরিশালের আহ্বায়ক অধ্যক্ষ ও কবি তপংকর চক্রবর্তী লিখিত বক্তব্যে বলেন, অহিংস আন্দোলন প্রচার সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগিতা, স্বাক্ষর সংগ্রহ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ অক্টোবর পর্যন্ত নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অশ্বিনীকুমার হল, বিডিএস মিলনায়তন, বিবির পুকুর পাড়, কেন্দ্রীয় বাস টার্মিনালে সপ্তাহব্যাপী ওই কর্মসূচি পালিত হবে।