বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, আর মহাত্মা গান্ধীর মতো অহিংস পথে নয়, এবার কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। ঈদের পরে গুলি করেও সরকার আন্দোলন দমন করতে পারবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে ‘নারায়ণগঞ্জ ও মিরপুরের কালশীসহ বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ও সাধারণ মানুষের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় হান্নান শাহ এ কথা বলেন।
হান্নান শাহ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে রাজপথে নামতে হবে। অনেক ইস্যু আছে। এবার আর অতীতের মতো বিফল হলে চলবে না। সবাইকে সক্রিয় হতে হবে। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন চায়। এতে বাধা দেওয়া হলে জনগণ বাধ্য হবে দুর্বার আন্দোলনের পথে যেতে।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে হান্নান শাহ বলেন, সরকার নানাভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। একটি ইস্যু এনে আরেকটি ঘটনাকে তারা ধামাচাপা দিয়েছে। নারায়ণগঞ্জের হত্যা ঘটনার মামলায় দেখবেন, কাকে শেষ পর্যন্ত আসামি করা হয়, কাকে বাদ দেওয়া হয়। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের গণমাধ্যম সম্পর্কে করা মন্তব্যেরও নিন্দা জানান হান্নান শাহ।
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য দেন।