লাশের নয়, অহিংস রাজনীতি করুন: মানবাধিকার চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান

রাজনীতিকদের সহিংসতা ছেড়ে অহিংস রাজনীতি করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘অরাজকতা ও সহিংসতা বাদ দিয়ে আপনারা গণমানুষের রাজনীতি করুন। যে রাজনীতি লাশের সংখ্যা বৃদ্ধি করে, এমন রাজনীতি আমরা দেখতে চাই না।’

আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে ‘আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক গণশুনানি’ অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), সম্প্রীতি মঞ্চ, জন উদ্যোগ ও কাপেং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান। এতে ধারণাপত্র পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজীব মীর।

প্রধান পর্যবেক্ষকের বক্তব্যে মিজানুর রহমান আরও বলেন, ‘পাহাড় ও সমতলের আদিবাসীদের অধিকারের চিত্রের কোনো তফাত নেই। অরাজক রাজনৈতিক পরিস্থিতি দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশাপাশি সারা দেশকে ক্ষতিগ্রস্ত করে চলেছে। দেশের মানুষ এ উদ্বেগ-উত্কণ্ঠার অবসান চায়।’

মিজানুর রহমান ক্ষুদ্র জাতির গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট নেতাদের তালিকা তৈরির অনুরোধ জানিয়ে বলেন, বিশ্বের অনেক দেশে ক্ষুদ্র জাতির জন্য পৃথক আইন রয়েছে। বাংলাদেশেও ‘আদিবাসী অধিকার আইন’-এর খসড়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে এটি পাস করানোর চেষ্টা করা হবে।

ক্ষুদ্র জাতির স্বার্থ রক্ষায় বর্তমান সরকারের চেয়ে ভালো কোনো সরকার আর আসবে না বলে মন্তব্য করেন প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। তিনি বলেন, এ সরকার ক্ষুদ্র জাতিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। পৃথক মন্ত্রণালয় ও সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাধ্যমে ক্ষুদ্র জাতির স্বার্থ রক্ষা করে চলেছে। কী অভিধায় ক্ষুদ্র জাতিগুলো সংবিধানে চিহ্নিত হতে চায় এবং জমিজমা রক্ষায় সরকারের কী করণীয়, তা সুনির্দিষ্টভাবে সরকারের নজরে আনা প্রয়োজন বলে জানান তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, সংবিধান যদি ১৫ বার সংশোধন করা যায়, তা হলে আদিবাসীদের স্বার্থে তা ১৬ বারও সংশোধন করা সম্ভব।

গণশুনানিতে ছয়জন ভুক্তভোগী আদিবাসী তাঁদের ভূমি দখলের চিত্র বর্ণনা করেন। রাজশাহীর কাঁকনহাটের সাঁওতাল সম্প্রদায়ের বাহাময়ী হাঁসদা চোখে পানি নিয়ে জানান কীভাবে ভূমিগ্রাসীরা তাঁদের সব চাষের জমি দখল করে নিয়েছে।  তিনি অভিযোগ করেন, মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে তাঁদের বার বার জেল খাটানো হচ্ছে। এমনকি বাড়ি ছেড়ে চলে যেতে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 

তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, মূলধারার ভূমি আইনে আদিবাসীদের প্রথাগত আইনের স্বীকৃতি নেই। আদিবাসীদের জন্য ভূমি আইন যেটি প্রচলিত আছে, তা হলো প্রজাস্বত্ব আইন। আদিবাসীদের সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে এ ধরনের সব বৈষম্যের অবসান ঘটাতে সরকারে প্রতি অনুরোধ জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় গণশুনানিতে আরও বক্তব্য দেন অধ্যাপক সৌরভ শিকদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সংবাদকর্মী বিপ্লব রহমান ও ফারজানা রূপা, আদিবাসী নেতা দীপায়ন খিসা প্রমুখ।