অহিদুজ্জামানের উপাচার্য পদে থাকা নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এম অহিদুজ্জামানের নিয়োগ কেন অবৈধ হবে না এবং কোন কর্তৃত্ববলে তিনি উপাচার্য পদে আছেন, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রুল দেন।

ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ তিন বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী সূত্র বলেছে, ২০১৫ সালের ৩১ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এম অহিদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ ও তাঁর উপাচার্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ওই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ারুল বাসারের পক্ষে আইনজীবী শাহদীন মালিক রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।