অহিদুল এবার নিজেই গঠনতন্ত্র ভাঙলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনতন্ত্র লঙ্ঘন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কমিটি গঠিত হওয়ায় তৃণমূলের প্রতিটি কমিটিতে কাউন্সিল করে পাল্টা কমিটি গঠন করেছিলেন একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস৷ সেই অহিদুল এবার আহ্বায়কের দায়িত্ব পেয়ে নিজেই গঠনতন্ত্র লঙ্ঘন করে চারটি উপজেলা, চারটি পৌরসভা ও একটি সাংগঠনিক থানা কমিটি গঠন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
গত ৩০ মে ওই কমিটিগুলোর সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম প্রকাশ করে আহ্বায়ক কমিটি৷ নতুন কমিটির বেশির ভাগ নেতাই আহ্বায়ক অহিদুল ও প্রথম যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খানের অনুসারী হিসেবে পরিচিত৷ কমিটিগুলোকে পক্ষপাতমূলক, অগ্রহণযোগ্য, বাজে ও বাণিজ্য কমিটি বলে মন্তব্য করেছেন দলের সাবেক নেতারা৷
২০০৯ থেকে শুরু: ওই বছর জেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক এবং যুগ্ম আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু তাঁদের অনুসারীদের নিয়ে গোপনে কমিটি গঠন করেন৷ ওই কমিটিকে গঠনতন্ত্রবিরোধী দাবি করে অহিদুল ইসলাম বিশ্বাস সে সময় প্রকাশ্যে কাউন্সিল করে পাল্টা কমিটি করেন৷ জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত পাল্টাপাল্টি কমিটি গঠিত হয়৷
দায়িত্ব পেয়েই লঙ্ঘন ও পদত্যাগ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুয়াডাঙ্গা জেলা বিএনপির আগের সব কমিটি বিলুপ্ত করে গত ২৭ এপ্রিল ৫১ সসস্যের জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন৷ এতে অহিদুলকে আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং ওয়াহেদুজ্জামান বুলা, খোন্দকার আবদুল জব্বার ও মজিবুল হক মালিককে যুগ্ম আহ্বায়ক করা হয়৷ গত ৩০ মে পাঁচ সদস্যবিশিষ্ট জেলার নয়টি কমিটির তালিকায় স্বাক্ষর করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান অহিদুল ও মাহমুদ৷
দায়িত্ব পেতে না পেতেই পদত্যাগ: ৩১ মে আলমডাঙ্গা পৌর কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও ১ জুন সদর উপজেলার সহসভাপতি শামীম রেজা পদত্যাগ করেন৷ জানতে চাইলে শামীম রেজা জানান, তিনি এর আগে উপজেলা কমিটির সভাপতি ছিলেন৷ সে হিসেবে সহসভাপতি পদটি মর্যাদাপূর্ণ না হওয়ায় পদত্যাগ করেছেন৷ তবে সেকেন্দার আলী দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে পদত্যাগ করেন৷
ক্ষুব্ধ প্রতিক্রিয়া: জেলা বিএনপির (অহিদুল অংশ) সাবেক সহসভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন বলেন, ‘কারও সঙ্গে আলাপ না করেই অহিদুল ইসলাম একক সিদ্ধান্তে এই কমিটি গঠন করেছেন৷ অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই কমিটি গ্রহণযোগ্য হবে না৷’ দামুড়হুদা উপজেলা বিএনপির (শামসুজ্জামান অংশ) সাবেক সভাপতি লিয়াকত আলী শাহ বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার কথা থাকলেও তা হয়নি, এটা অগণতান্ত্রিক৷ যাঁরা আন্দোলন-সংগ্রামে সামনে ছিলেন, তাঁদের বাদ দেওয়া হয়েছে৷’
শামসুজ্জামান দুদু বলেন, সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি থেকে পর্যায়ক্রমে জেলা কমিটি গঠনের নিয়ম থাকলে অহিদুল ইসলাম বিশ্বাস তা মানছেন না৷ আগের কমিটির নেতাদের প্রায় সবাইকে বাদ দেওয়া হয়েছে৷ দলের স্বার্থে এ ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হওয়া প্রয়োজন৷ পাশাপাশি পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক তৎপরতা বন্ধ হওয়া দরকার৷
দায়িত্ব পাওয়া নেতারা যা বলেন: প্রথম যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বলেন, ‘প্রতিটি কমিটির ৭১ সদস্যের মধ্যে মাত্র পাঁচজন করে নাম প্রকাশ করা হয়েছে৷ তৃণমূল নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হচ্ছে৷ পূর্ণাঙ্গ তৃণমূল কমিটিসহ জেলা কমিটি গঠিত হলেই সবার ভুল ভাঙবে৷’
অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘গঠনতন্ত্র মেনে আহ্বায়ক কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ কে কার অনুসারী, সেদিকে গুরুত্ব না দিয়ে দলের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই মূল্যায়ন করা হয়েছে৷’