অহিদুলের হাতেই ধানের শীষ দেখতে চান কর্মীরা
চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসনে বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের একাংশের নেতারা এ দাবি জানান।
অহিদুল ইসলাম বিশ্বাস দলীয় মনোনয়ন পাওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান এতে সভাপতিত্ব করেন।
দলীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি থেকে চারজনকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস এবং আহ্বায়ক কমিটির সদস্য লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান ও শরীফুজ্জামান শরীফ। চার নেতাই গত ২৮ নভেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এবং গতকাল রোববার যাচাই-বাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়। এ আসনে একাধিক প্রার্থীকে মনোনীত করায় নেতা-কর্মীরা বিপাকে। এ অবস্থায় অহিদুল ইসলাম বিশ্বাসের অনুসারীরা এই গণসংবর্ধনার আয়োজন করলেন।
জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম বলেন, শুধু নিয়ম রক্ষা বা সরকার পরিবর্তনের জন্য এই সংসদ নির্বাচন নয়, বিএনপির অস্তিত্ব রক্ষা ও খালেদা জিয়ার মুক্তি তথা দেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন। চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি থেকে চারজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ জেলায় বিএনপির পতাকা বহন করে আসছেন অহিদুল ইসলাম বিশ্বাস। তাঁর ওপর দিয়ে জেল–জুলুম, বহু ঝড়-ঝাপটা গেছে। টিকে থাকার লড়াইয়ে অহিদুল ইসলাম ছাড়া বিকল্প প্রার্থী নেই। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, অপশক্তির বিরুদ্ধে লড়তে অহিদুল ইসলাম বিশ্বাসকে একক প্রার্থী ঘোষণা করা হোক।
যুবদলের নেতা মিজানুর রহমান বলেন, ‘আমাদের খুন, গুম ও হামলা মামলা থেকে বাঁচতে হলে ভোটযুদ্ধে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। অহিদুল ইসলাম বিশ্বাসের হাতে ধানের শীষ দেখতে চাই।’