অাজ বিএনপির দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন গতকাল মঙ্গলবার কলাপাড়ায় পৌঁছান। পৌরসভার কেন্দ্রীয় বাসটার্মিনালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতা-কর্মীরা। এ আসনে দলের আরেক মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। তাঁরা দুজনই আজ শেষ দিন বুধবার মনোনয়নপত্র জমা দেবেন।
বেলা সাড়ে ১১টার দিকে মোশাররফ হোসেন কলাপাড়ায় এসে পৌঁছান। দলের কয়েক হাজার নেতা-কর্মী কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর নেতা-কর্মীরা তাঁকে নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ে যান।
মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের অনেক নেতার নামে মামলা রয়েছে। এ কারণে দল বিকল্প হিসেবে কোথাও কোথাও প্রার্থী দিয়েছে। তিনি জানান, আজ বুধবার তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
আরেক মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘আমি ঢাকায় আছি। বুধবার সকালে কলাপাড়ায় ফিরে মনোনয়নপত্র দাখিল করব।’