অ্যাকটর স্পোর্টিংয়ের তিনশ’র বেশি শ্রমিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) অ্যাকটর স্পোর্টিং লিমিটেডের তিন শতাধিক শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। ভাঙচুরের অভিযোগ এনে কারখানার পক্ষ থেকে গতকাল রোববার এই মামলা করা হয়। এর আগে শনিবার অতিরিক্ত কাজ করানো ও ছুটি না দেওয়ার অভিযোগে শ্রমিকেরা প্রতিবাদ বিক্ষোভ করেন। গতকাল সকাল থেকে কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে মামলা দায়েরের আগেই পুলিশ পাঁচ শ্রমিককে আটক করে। পরে তাঁদের থানায় নিয়ে গিয়ে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অ্যাকটর স্পোর্টিংয়ের শ্রমিক ও একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, কারখানার চার শতাধিক শ্রমিক গতকাল সকালে আশুলিয়ার ইউনিক এলাকায় বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) নামের শ্রমিক সংগঠনের অফিসে গিয়ে তাদের সমস্যা নিয়ে বৈঠকে বসেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ সেখানে গিয়ে দেড় শতাধিক শ্রমিককে আটক করে। পরে পাঁচজনকে আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। শ্রমিকেরা অভিযোগ করেছেন, ওই পাঁচজনকে বিসিডব্লিউএস কার্যালয়ের ভেতরে মারধর করে পরে থানায় নিয়ে যায় পুলিশ।শনিবারের ঘটনায় কারখানার বাণিজ্যিক কর্মকর্তা মফিজুল ইসলাম বাদী হয়ে ভাঙচুরের অভিযোগ এনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করে তিন শতাধিক শ্রমিককে আসামি করা হয়েছে। মামলা দায়েরের আগে গতকাল সকাল থেকে সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষণা করে মূল ফটকে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। শ্রমিক গ্রেফতার ও মামলা দায়েরের বিষয়টি পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত গোপন রাখে। সন্ধ্যা সাড়ে ছয়টায় আশুলিয়া থানায় কর্তব্যরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করতে রাজি হননি। পরে বলা হয়, পুলিশ গতকাল দুপুরে ‘বিশেষ অভিযান’ চালিয়ে ইউনিক এলাকা থেকে শহীদুল ইসলাম (২২), মাসুদুর রহমান (২৪), শুক্কুর আলী (২২), সুজন (২৬) ও শুক্কুর আলী (২৬) নামে পাঁচ শ্রমিককে আটক করে। রাত আটটার দিকে মুঠো ফোনে যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক আটকসহ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। অ্যাকটর স্পোর্টিংয়ের শ্রমিকরা অভিযোগ করেছেন, সরকারি বিধান উপেক্ষা করে রাত দিনে তাঁদের ১৯ ঘন্টা কাজ করানো হয়। এর প্রতিবাদ করে তারা পুলিশ ও আনসারের নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।