অ্যাকর্ডের আরও মেয়াদ বাড়ানোর চুক্তির বাস্তবায়ন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পোশাক কারখানা পরিদর্শনে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের কার্যক্রমের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর ঘোষণাসংক্রান্ত ‘অ্যাকর্ড-২০১৮’ চুক্তির বাস্তবায়ন স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার রুলসহ এ আদেশ দেন।

ক্রেতা জোট গত ২১ জুন নিজেদের মধ্যে এ দেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ আরও তিন বছরের বাড়ানোর চুক্তি করে, যার বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের পক্ষে সংগঠনের সভাপতি রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস, মেহেদী হাসান চৌধুরী ও ইমতিয়াজ মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারের অনুমতি ছাড়া ক্রেতা জোটের আরও তিন বছরে মেয়াদ বাড়ানো ‘অ্যাকর্ড-২০১৮’ চুক্তির বাস্তবায়ন কেন অবৈধ হবে না এবং সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশে অ্যাকর্ড কোনো ধরনের নীতিনির্ধারণ করতে পারবে না—এ মর্মে কেন অ্যাকর্ডকে নির্দেশ দেওয়া হবে না রুল তা জানতে চাওয়া হয়েছে। শ্রমসচিব ও অ্যাকর্ডসহ পাঁচ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। তিন বছরের মেয়াদ বাড়ানোসংক্রান্ত ‘অ্যাকর্ড-২০১৮’ চুক্তির বাস্তবায়ন আগামী বছরের ১৫ মে পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

রিট আবেদনকারী পক্ষ জানায়, ২০১৩ সালের ১৩ মে পাঁচ বছরের জন্য ক্রেতা জোট চুক্তি করে, যার মেয়াদ আগামী বছরের মে মাসে শেষ হওয়ার কথা। তবে সরকার, পোশাক কারখানা মালিক ও শ্রমিকপক্ষের অনুমতি ছাড়াই মেয়াদ শেষের প্রায় সাড়ে সাত মাস আগে অ্যাকর্ড নিজেদের মধ্যে তিন বছরের জন্য মেয়াদ বাড়ানোর চুক্তি করে, যা ‘অ্যাকর্ড-২০১৮’ নাম দেওয়া হয়। এর মেয়াদ ২০২১ সালের মে মাস পর্যন্ত। এ অবস্থায় জনস্বার্থে ওই রিটটি করা হয়।

২০১৩ সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে পাঁচ বছরের জন্য অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠিত হয়। উভয় জোটের অধীনে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানার অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত পরিদর্শন শেষ হয়েছে। বর্তমানে কারখানাগুলোর সংস্কারকাজ তদারকি করছে অ্যাকর্ড ও অ্যালায়েন্স।