অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন পাস হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষার মান নিরূপণে অ্যাক্রিডিটেশন কাউন্সিল বিল ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে সংসদে উপস্থাপিত হয়েছে। এই মাসের ৭ তারিখে এটি পাস হওয়ার কথা রয়েছে। বিলটি পাস হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান নিরূপণ করতে পারব।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘উচ্চশিক্ষার মান নিরূপণে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইনের একটি খসড়া তৈরি করতে ছয় বছর লেগেছে। পরে সেটি মন্ত্রিসভা পাস করলে গত মাসের ৭ তারিখে সংসদে উপস্থাপিত হয়েছে। এই মাসের ৭ তারিখে এটি পাস হওয়ার কথা রয়েছে। যদি এটি পাস হয়, তবে এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর মান নিরূপণ করতে পারব। ওই কাউন্সিল বিশ্ববিদ্যালয়গুলোর মান নিরূপণ করবে, মান উন্নত করতে পরামর্শ দেবে, ভালো করার জন্য উদ্বুদ্ধ করবে।’
‘ফোরথ অ্যানুয়াল কনফারেন্স অন রিসার্চ ফাইন্ডিংস ২০১৬’ শীর্ষক মিনি অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, পূবালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হালিম চৌধুরী। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক মো. জাকির হোসেন।
২০১৫ সালে গবেষণায় উপাচার্য পুরস্কার পাওয়া রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সোবহান ও ২০১৬ সালের জন্য ওই পুরস্কার পাওয়া একই বিভাগের অধ্যাপক আবুল হাসনাতের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।