সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন, ২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য এবং রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর দেওয়া প্রতিবেদনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র বলেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য রাশিয়া নিয়ে যাবে মর্মে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি ২০১১ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত পড়ে শোনান। বৈঠক শেষে এ বিষয়ে কথা বলার জন্য কয়েকজন সাংবাদিক মন্ত্রীর দপ্তরে গেলে তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত বলে জানান।
বৈঠক সূত্র বলেছে, বৈঠকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের শুরুতেই তিনি রাশিয়ার কাছে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি জানতে চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, এই বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের নেই। রাশিয়াকে এই দায়িত্ব নিতে হবে।
অনানুষ্ঠানিক আলোচনায় গতকাল রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়েও আলোচনা হয়। এ বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ বলেন, তিনটি মন্ত্রণালয় মিলে ইউনেসকোর প্রতিবেদনের জবাব তৈরি করা হয়েছে। আজ (সোমবার) প্রতিবেদনটি ইউনেসকোর কাছে পাঠানো হবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন চূড়ান্ত হলে দেশের সব সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানকে এই কাউন্সিলের অনুমতি নিতে হবে। আইনের ৬ নম্বর ধারায় বলা হয়েছে, কাউন্সিল গঠন হবে ১৩ সদস্য নিয়ে। এর মধ্যে একজন চেয়ারম্যান, চারজন পূর্ণকালীন ও আটজন খণ্ডকালীন সদস্য থাকবেন। কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের কমপক্ষে ১০ বছর অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনসহ কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। কাউন্সিল দেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অ্যাক্রিডিটেশন এবং বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতি বিভাগের জন্য পৃথক অ্যাক্রিডিটেশন কমিটি গঠন করবে। এ ছাড়া সংস্থাটি অ্যাক্রিডিটেশন ও কনফিডেন্স সার্টিফিকেট প্রদানের শর্তও নির্ধারণ করবে।
মন্ত্রিপরিষদসচিব বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কনফিডেন্স সার্টিফিকেট বা ক্ষেত্রমতে অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট দেওয়া বা স্থগিত করা বা বাতিল করতে পারবে এই কাউন্সিল।
মন্ত্রিসভায় ‘বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। আইসিডিডিআরবির দুটি আইন হয়েছিল; একটি ১৯৭৮ সালে, আরেকটি ১৯৮৫ সালে। দুটিই সামরিক শাসনামলের। দুটি আইনকে বাংলায় রূপান্তর ও একীভূত করে নতুন আইন করা হয়েছে। বৈঠকে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (সংশোধন) আইন, ২০১৬’-এর খসড়া উপস্থাপন করা হলেও মন্ত্রিসভা তা অনুমোদন দেয়নি বলে জানান সচিব।