অ্যাক্রোবেট দলের জাদুকরি প্রদর্শনী
মঞ্চের দুই প্রান্ত থেকে সারিবদ্ধভাবে এগিয়ে এলেন অ্যাক্রোবেট শিল্পীরা। এক হলেন মাঝপথে। এরপর একজনের ওপরে একজন উঠতে শুরু করলেন। শেষে একজন তাঁর শরীর শূন্যে ভাসিয়ে দিলেন। করতালিতে মুখর হয়ে উঠল পুরো মিলনায়তন।
ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীতে গত শুক্রবার সন্ধ্যায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী হয়। শিল্পকলা একাডেমীর অ্যাক্রোবেট দল এই প্রদর্শনীতে অংশ নেয়। এর উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
সোয়া এক ঘণ্টার মনোমুগ্ধকর এই প্রদর্শনীর শুরুতেই ছিল ভারসাম্যের খেলা জলি সিমেন। এরপর একে একে প্রদর্শিত হয় রোলার ব্যালান্স, হ্যান্ড স্কিল, নেক আয়রন বার, রোপ রাউন্ড, রিং জাম্প, মাউথ স্কিল, আংকারাসা, ওয়্যার ব্যালান্স, রিং ড্যান্স, ব্রিক স্কিল, রোপ জাম্প, সাইকেল ব্যালান্স প্রভৃতি। অ্যাক্রোবেট শিল্পীরা আকর্ষণীয় সব পরিবেশনার মাধ্যমে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন।
অ্যাক্রোবেট শিল্পীদের পরিবেশনা শেষে বক্তারা বলেন, সুস্থ বিনোদনের সংস্কৃতি রক্ষায় অ্যাক্রোবেট অনুষ্ঠানের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে দেশের এই শিল্পীরা আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।