অ্যাক্রোবেটিক প্রদর্শনী, মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অ্যাক্রোব্যাট আবদুল আহাদ। বয়স মাত্র সাত বছর। কিন্তু তার অসাধারণ কসরত দেখে মুগ্ধ সবাই। ব্যারেল ব্যালেন্স, নুনথু ও বডি ব্যালেন্স নামক তিনটি খেলা দেখিয়েছে এই শিশু অ্যাক্রোব্যাট। যার মধ্যে সবচেয়ে কঠিন ও চমৎকার প্রদর্শনী ছিল বডি ব্যালেন্স।


প্রদর্শনীর মাঝামাঝি সময়ে শিশু আহাদের বডি ব্যালেন্স প্রদর্শনী শুরু হয়। সেখানে সে তার পা তুলে নেয় মাথার উঁচুতে। এরপর শিল্পী মিজানুর রজমান ও আহাদের কসরত দেখেছে সবাই। মিজানুর তার দুই পা আকাশের দিকে তাক করে পায়ের উপরে তুলে নিয়েছে একটি ড্রাম। যার উপরে দাড়িয়ে শিশু আহাদ দেখিয়েছে তার চমৎকার সব কসরত। ড্রামে দাড়িয়েই দর্শকদের প্রতি উড়ন্ত চুমু দিয়ে আহাদ শেষ করে প্রদর্শনী। দর্শকরাও অ্যাক্রোব্যাটদের প্রদর্শনীতে মুগ্ধ হন।

গত সোমবার রাতে এই অ্যাক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করেছে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন জুড়ে থাকা ৫ শতাধিক দর্শক। আড়াই ঘন্টা চলা মনোমুগ্ধকর এই প্রদর্শনীর স্লোগান ছিল ‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’। আয়োজনে ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তাদেরই একটি দল এই অ্যাক্রোবেটিক প্রদর্শন করে।

মায়ের সঙ্গে প্রর্দশনী দেখতে এসেছিল শিশু মৌ আক্তার। সে বলল, আমার খুব ভালো লেগেছে। এতদিন টিভিতে সার্কাস, কার্টুন দেখেছি। আজ সত্যি সত্যি সার্কাস দেখেছি।

শহরে শিল্পকলা একাডেমির মাইকিং শুনে মনোমুগ্ধকর এই প্রদর্শনী দেখতে এসেছে তরুণ আবদুল হক। তিনি বলেন, আগে বুঝিনি এত সুন্দর আয়োজন দেখতে পাব। তাহলে সব বন্ধুদের নিয়ে আসতাম।

অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের সমন্বয়কারী মুসা রুবেল প্রথম আলোকে বলেন, সারা দেশজুড়ে করা এই প্রদর্শনীটি মাদারীপুরে ছিল ৩০৬তম পরিবেশনা। অ্যাক্রোবেটিক দলের ২৫ সদস্য জলি সিমেন্স, হ্যান্ড স্কিল, আংকারাসা, ওয়ার ব্যালেন্স, চেয়ার সিটিং, রিং জাম্প, ফায়ার ড্যান্সসহ ১৩টি বিষয়ে নিয়ে সার্কাস প্রর্দশনী করেন। আগামী দুই মার্চ রাজবাড়িতে এই প্রদর্শনী হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবছরই আয়োজন করা হবে এই ব্যতিক্রমী সার্কাস প্রদর্শনী।