অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপোর প্রচারে রোড শো
আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো ২০১৭’। এরই প্রচারণায় সাতটি বিশ্ববিদ্যালয়ে রোড শো আয়োজন করতে যাচ্ছে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি)।
আগামীকাল মঙ্গলবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হবে এই রোড শো।
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এবং কৃষিভিত্তিক উন্নয়ন প্রকল্প সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্টের সহযোগিতায় এটি আয়োজন করবে কেআইবি। সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার এক্সপোতে অংশ নিচ্ছে ১৫০টি প্রতিষ্ঠান। ২৬ অক্টোবর চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে, ২৯ অক্টোবর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ৩১ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, ২ নভেম্বর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং ৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রোড শো করবে কেআইবি। এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ২৯-৩০ নভেম্বর ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো’ অনুষ্ঠিত হবে। অ্যাগ্রা ক্যারিয়ার এক্সপোতে শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য রোড শো চলাকালীন এসব বিশ্ববিদ্যালয়ে বুথ বসানো হবে।
ক্যারিয়ার গঠনের ব্যাপারে প্রচারণার একটি অংশ কেআইবি ও সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্টের এই রোড শো কৃষিভিত্তিক। এ ধরনের আয়োজন দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়ন ও কৃষি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গঠনে ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞপ্তি