অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের (বিভাগ) পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিসিপ্লিনের প্রাক্তন ও নতুন শিক্ষার্থীরা মিলে ২০ বছর পূর্তি উপলক্ষে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিবেশ ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে, এর প্রভাবে কৃষি খাতেও বিরূপ প্রভাব লক্ষণীয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন এবং আঞ্চলিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার আহ্বান জানান। এ ক্ষেত্রে কৃষকদের অন্তর্ভুক্ত করার জন্য বলেন তিনি। তাঁর মতে, একেকজন কৃষক একেকজন খুদে বিজ্ঞানী ও গবেষক।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি নানা ক্ষেত্রে অগ্রগতি লাভ করছে। তবে শিল্পের চেয়ে এ ক্ষেত্রে কৃষির অবদান বেশি।
অনুষ্ঠানে অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মোহাম্মদ বশীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার খান আতিয়ার রহমান, জীববিজ্ঞান স্কুলের (অনুষদ) ডিন অধ্যাপক মো. নাজমুল আহসান ও খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল লতিফ।
এ ছাড়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিপ্লিনের অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক কৃষিবিদ জাকিয়া সুলতানা।
এর আগে পুনর্মিলনী উপলক্ষে সকাল নয়টায় ক্যাম্পাসে প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। পরে স্মৃতি রোমন্থন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়।