অ্যাটর্নি জেনারেল ও সমিতির সভাপতির দুই রকম বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী আইন কর্মকর্তাদের সনদ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। দুজনই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছেন। গতকাল মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল তাঁর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। অন্যদিকে সমিতির সভাপতি নিজের কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।গতকাল দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব অভিষেক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বেশ কয়েকজন আইন কর্মকর্তার আইনজীবী সনদ নেই বলে মন্তব্য করেন। এটি অসত্য ও বিভ্রান্তিকর। কার্যালয়ে ১৪০ জন আইন কর্মকর্তা রয়েছেন। তাঁরা সবাই সমিতির সদস্য। গণমাধ্যম ডেকে সভাপতির দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি।মাহ্বুবে আলম বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিশেষ দলের হয়ে রাজনৈতিক উদ্দেশে সমিতির সভাপতি এ ধরনের বক্তব্য দিয়েছেন। চোখ রাঙিয়ে বিচারপতিদের সঙ্গে কথা বলার বিষয়ে প্রশ্নের জবাবে মাহ্বুবে বলেন, ‘আমার ৩৫ বছরের আইন পেশায় কখনো বিচারপতিদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইনি। বিশেষ দলের নাখোশ হওয়ার কারণ, অ্যাটর্নি জেনারেল হিসেবে বেশ কয়েকটি মামলা পরিচালনা করেছি।’ বেঞ্চ গঠনে প্রভাব প্রশ্নে তিনি বলেন, বেঞ্চ গঠন ও পুনর্গঠন করেন প্রধান বিচারপতি।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘আমার জানামতে, ১৩ জন আইন কর্মকর্তার হাইকোর্টে পাঁচ বছর মামলা পরিচালনার অভিজ্ঞতা ও সনদ নেই। যোগ্যতার ভিত্তিতে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। তাঁরা কার জুনিয়র ছিলেন বা তাঁদের সিনিয়র কে ছিলেন? এসব যাচাই-বাছাই করে দেখা হবে।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, হাইকোর্ট যাঁদের জামিন দিয়েছিলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে ফ্যাক্স পাঠিয়ে তাঁদের অনেকের কারামুক্তিতে বাধা সৃষ্টি করা হয়েছে। এ ধরনের চিঠি দেওয়া এখতিয়ারবহির্ভূত ও বেআইনি।জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ ধরনের অভিযোগ সত্য নয়। আমি কোনো চিঠি দিইনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমানসহ অনেকের মামলায় জোরালো বক্তব্য দেওয়ায় এ ধরনের অভিযোগ করা হচ্ছে।’ জবাবে খন্দকার মাহবুব দাবি করেন, কারা কর্তৃপক্ষের কাছে এ ধরনের চিঠি দেওয়ার প্রমাণ আছে।