অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে ধ্বংস করে দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিচার বিভাগকে ধ্বংস করে দিচ্ছেন। তিনি প্রজাতন্ত্রের নয়, আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেলের মতোই কাজ করছেন। সদ্য কারামুক্ত ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হককে নিয়ে গতকাল রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করছে। এ অবস্থায় গণ-আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বৃহত্তর আন্দোলনের জন্য বিএনপি প্রস্তুত। সমমনা দলগুলোও আন্দোলনে থাকছে। এ ছাড়া আরও কয়েকটি দল আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ঈদের পর দলের স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, স্বেচ্ছাবেসক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও ছাত্রদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।