অ্যাটর্নি জেনারেলকে আবারও হত্যার হুমকি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবির আহমেদ গতকাল সোমবার বিকেলে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকির বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘দুপুরে একটি চিঠি পেয়েছি। সেখানে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
জিডির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে মজলু নামের এক ব্যক্তি এই হুমকি দেন। হুমকিদাতাকে খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।
এ নিয়ে অ্যাটর্নি জেনারেলকে তিনবার হত্যার হুমকি দেওয়া হলো। এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। গত বছরের ৯ আগস্টও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।