উচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ভূমিকাকে ‘দাসসুলভ’ বলে মন্তব্য করেছে হংকংভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। গতকাল সোমবার এএইচআরসির এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।১৯ এপ্রিল হাইকোর্টে মাহমুদুর রহমানের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর স্ত্রী ফিরোজা মাহমুদের করা রিটের বৈধতা নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যের সমালোচনা করে এ বিবৃতি দেওয়া হয়। ২৩ এপ্রিল রিট আবদেনটি খারিজ করে দেন আদালত। বিবৃতিতে বলা হয়, রিটের শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, বন্দীর স্ত্রী এ রিট করতে পারেন না। তিনি সংক্ষুব্ধ ব্যক্তির মধ্যে পড়েন না। এ বক্তব্যের কড়া সমালোচনা করে এএইচআরসি বলেছে, যে ব্যক্তি আদালতে দাঁড়িয়ে বলতে পারেন যে স্ত্রীর রিট পিটিশন দায়ের করার অনুমতি নেই, তাঁর আইনবিষয়ক কোনো পদে থাকার অধিকারই নেই। অ্যাটর্নি জেনারেল পদের কথা তো বলাই বাহুল্য।বিবৃতিতে বলা হয়, বন্দীর অধিকার রক্ষায় যদি তাঁর পরিবারের সদস্যরা লড়াই করতে না পারেন, তাতে বন্দী ও তাঁর পরিবারের স্বাধীনতাকে অপমান করা হয়।