অ্যাটর্নি জেনারেলের মেয়ে ও পরিবারকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ে শিশির কনাসহ তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার 

সন্ধ্যায় সেগুনবাগিচার বাসায় পাঠানো চিঠিতে ওই হুমকি দেওয়া হয়।

শিশির কনা প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ওই চিঠিটি পান। চিঠিতে তাঁর নাম, বাসার ঠিকানা লেখা। চিঠিতে বলা হয়েছে, ‘অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ে শিশির কনা, তোর স্বামী, তোর ছেলে, বাবা-মা, ভাই-ভাবি, ভাইপোসহ তোর পুরো গোষ্ঠীর মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে। কাফনের কাপড় পরে মৃত্যুর জন্য তৈরি থাকিস। ইসলাম রক্ষাকারী দল।’

শিশির কনা জানান, চিঠিটি কম্পিউটারে কম্পোজ করা। তিনি এ ঘটনায় রাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।