অ্যাডহক কমিটি গঠনের বিধানের বৈধতা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের বিধান চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।
রিটে অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত ৩৯ বিধানটি কেন সাংঘর্ষিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। এতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা এই রিটে শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক, ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী হিসেবে রাখা হয়েছে।
২০০৯ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা
করা হয়। এর ৩৯ বিধানে অনধিক ছয় মাসের জন্য অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে বলা আছে।
ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, অ্যাডহক কমিটি অনির্বাচিত। ১৯৬১ সালের অধ্যাদেশের ৩৯(২) ও ১৮(৩)-এর সঙ্গেও অ্যাডহক কমিটি গঠনের বিধানটি সাংঘর্ষিক। অ্যাডহক কমিটির বিধান সংবিধানের ৭, ১১, ২৬, ২৭ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। সাধারণত অ্যাডহক কমিটি গঠন করা হয় নির্বাচনের জন্য। অথচ ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানে একটার পর একটা অ্যাডহক কমিটি হলেও নির্বাচন হয়নি—এসব যুক্তিতে রিটটি করা হয়। আগামী রোববার রিটের ওপর শুনানি হতে পারে।