অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করলেন চার সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সভা আহ্বান করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার সদস্যের বিরুদ্ধে অনাস্থা এনে নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করাকে অবৈধ বলে দাবি করেছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার সদস্য।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনিস খান বলেন, গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষক সমিতির এক-তৃতীয়াংশ সদস্য বহাল থাকলে কমিটিকে পূর্ণাঙ্গ বলে ধরে নেওয়া যাবে। কাজেই ১১ সদস্যের মধ্যে সাতজন পদত্যাগ করলেও চারজন বহাল আছেন, যা এক-তৃতীয়াংশের বেশি। তিনি আরও বলেন, সমিতির সাধারণ সদস্যরা যেভাবে সাধারণ সভা আহ্বান করেছেন, তা বিধিসম্মত হয়নি। কারণ, কোনো বিশেষ পরিস্থিতিতে সদস্যদের অনুরোধ বা দাবির মুখে সভাপতি বা সাধারণ সম্পাদক সাধারণ সভা আহ্বান না করলে সাধারণ সদস্যরা নোটিশ দেবেন। কিন্তু সাধারণ সভা ডাকতে এ ধরনের কোনো নোটিশ সভাপতি বা সাধারণ সম্পাদককে দেওয়া হয়নি। এ ব্যাপারে অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. শাহাদৎ হোসেন খান বলেন, সভাপতি-সম্পাদকসহ কমিটির চার সদস্য অব্যাহতভাবে সাধারণ শিক্ষকদের স্বার্থবিরোধী কাজ করে যাচ্ছিলেন। তাই সাধারণ সভা আহ্বানের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দাবি জানানো হয়। কিন্তু সেই দাবি অগ্রাহ্য করা হলে কমিটির সাত সদস্য ২০ আগস্টের মধ্যে সাধারণ সভা আহ্বান না করা হলে ২১ আগস্ট পদত্যাগের ঘোষণা দেন। এর পরও সভাপতি-সম্পাদক ২০ তারিখ পর্যন্ত সাধারণ সভা না ডাকলে ৩২ জন শিক্ষক সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী সাতজন সদস্য কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে সভাপতি-সম্পাদকসহ কমিটির চার সদস্যকেও পদত্যাগের আহ্বান জানানো হয়। ওই সভাতেই ১৩ সেপ্টেম্বর সাধারণ সভা করার সিদ্ধান্ত হয়। সমিতির ১৫০ জন সদস্য স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী ১৩ সেপ্টেম্বর সাধারণ সভা সভাপতি-সম্পাদকসহ চার সদস্যের বিরুদ্ধে অনাস্থা এনে কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়।