অ্যাথলেট দলকে নৌপ্রধানের সংবর্ধনা
দক্ষিণ এশীয় (সাউথ এশিয়ান) গেমসে বাংলাদেশের পক্ষে দুটি স্বর্ণসহ সর্বোচ্চ পদক পাওয়া বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নৌসদরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ খেলোয়াড়দের অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা দেন।
এবারের গেমসে বাংলাদেশের পক্ষে অর্জিত মোট চারটি স্বর্ণের মধ্যে নৌবাহিনীর সদস্যরা দুটি স্বর্ণপদক এবং ১৪টি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
ভারতে অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে বাংলাদেশ নৌবাহিনীর ৩৯ জন ক্রীড়াবিদ এবং পাঁচজন অফিশিয়াল অংশ নেন। নৌবাহিনীর খেলোয়াড়েরা সাতটি ইভেন্ট সাঁতার, অ্যাথলেটিকস, হকি, ফুটবল, ভলিবল, বাস্কেটবল এবং কাবাডি খেলায় অংশ নেন। স্বর্ণপদক বিজয়ী নৌবাহিনীর সাঁতারু মাহফুজা খাতুন শীলা ৫০ এবং ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে অংশ নিয়ে নতুন রেকর্ড করেন। তিনি দুটি স্বর্ণপদকসহ দলগত সাঁতারে একটি ব্রোঞ্জপদক পান। অনুষ্ঠানে এসএ গেমসে সাফল্যের পাশাপাশি সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক অর্জনকারী নৌবাহিনীর সাঁতারুদের পুরস্কৃত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নৌপ্রধান নৌবাহিনীর সব খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে নৌবাহিনী নতুন এক উচ্চতায় চলে গেছে, এটা দেশবাসীর সাফল্যের প্রত্যাশা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।