অ্যানথ্রাক্স আক্রান্ত আরও দুজন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ভেন্নাগাছি গ্রামে গতকাল বুধবার আরও দুজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁরা হলেন আমেনা খাতুন (২৪) ও মিনা খাতুন (৪০)। এ নিয়ে গত এক মাসে এ উপজেলায় ৬১ জন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হলো।
আক্রান্ত রোগীরা জানান, বেলতৈল গ্রামের মহির উদ্দিনের একটি অসুস্থ গরু জবাই করে কম দামে মাংস ভাগাভাগি করে নেন তাঁরা। এই মাংস কাটাছেঁড়া করা ও রান্নার কাজে জড়িত ব্যক্তিরাই আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, আক্রান্ত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আতঙ্কের কোনো কারণ নেই। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, অতি লোভী পশুমালিকদের অসুস্থ পশু জবাই করার কারণে অ্যানথ্রাক্সে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। অসুস্থ পশু জবাই না করার জন্য প্রচারপত্র বিতরণ ও প্রচারণা চালানো হচ্ছে। সেই সঙ্গে উপজেলার সব গ্রামে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের ভ্যাকসিন দেওয়া অব্যাহত রয়েছে।