অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাই, দুজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার সময় ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রেতাসহ দুই ব্যক্তিকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
পাশাপাশি ওই মাংস জব্দ করে কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জীবননগর পৌর এলাকার দৌলতগঞ্জ মহল্লার মাংস বিক্রেতা আকতার হোসেন (৩০) ও উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের বাবুল হোসেন (২৫)। বাবুল গরুর মালিক বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, বাবুল হোসেন তাঁর অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু আকতার হোসেনের সঙ্গে যোগসাজশ করে গতকাল বেলা ১১টার দিকে পৌরসভার জবাইখানায় জবাই করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক জাহিদুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে জবাই করা গরুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে আদালতকে নিশ্চিত করেন।