অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত নয় সচেতন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, কোনো দরিদ্র পরিবারের একটি গরু মারা যাওয়ার অর্থ ওই পরিবারের সর্বস্ব হারানো। কাজেই অ্যানথ্রাক্স বা তড়কার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। বিষয়টি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানোর কিছু নেই। গতকাল সোমবার ‘তড়কা রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খামারবাড়ীর আ কা মু গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে। এতে প্রাণিসম্পদ দপ্তরের ঢাকা বিভাগের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেমিনারে মন্ত্রী বলেন, যেখানে-সেখানে আর পশু জবাই নয়, শিগগিরই পশু জবাই নীতিমালা করা হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, প্রাণীর সংখ্যা অনুযায়ী জনবল নিয়োগ করা হবে। যেখানে গবাদিপশুর সংখ্যা বেশি সেখানে জনবলও বেশি নিয়োগ দেওয়া হবে। লতিফ বিশ্বাস বলেন, ‘এই অধিদপ্তরের সাফল্যের ওপর নির্ভর করছে দেশের মানুষের পুষ্টি। আর ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী ‘এক বাড়ি এক খামার’ নীতির যে ঘোষণা দিয়েছেন, তার সাফল্য নির্ভর করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওপর।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শরফুল আলম বলেন, মাঠ পর্যায়ে জনবল বাড়ানা হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী বলেন, অ্যানথ্রাক্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নদীপথে এখনো গরু পারাপার চলছে উল্লেখ করে তিনি বলেন, অসুস্থ গরুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া উচিত নয়। অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানথ্রাক্স সংক্রমিত দুই রোগীকে দেখার পর তিনি সাংবাদিকদের বলেন, অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি কোনো মরণব্যাধি নয়। এর চিকিৎসা সহজ ও প্রয়োজনী ওষুধ সহজলভ্য।অ্যানথ্রাক্স সংক্রমিত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. আবু হানিফ (৪৫) ও তাঁর ছেলে আমির হামজা (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী তাঁদের খোঁজখবর নেন। তিনি সংক্রমিত ব্যক্তিদের সুচিকিৎসা দিতে চিকিৎসকদের নির্দেশ দেন। রুহুল হক বলেন, অ্যানথ্রাক্স মানুষ থেকে মানুষে ছড়ায় না। এর লক্ষণ দেখার পর দ্রুত চিকিৎসা নিলে সাধারণত ১০ দিনের মধ্যে রোগী আরোগ্য লাভ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মো. শহীদুল হক, বার্ন ইউনিটের পরিচালক সামন্ত লাল সেন।