অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের তেলীপাড়া গলগণ্ড গ্রামের অ্যানথ্রাক্স আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশ বাড়ি ছেড়ে পালিয়েছেন। অ্যানথ্রাক্স আক্রান্তদের মেরে ফেলা হবে এমন গুজব ছড়িয়ে পড়ায় তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং প্রাণিসম্পদ বিভাগের বিজ্ঞানীরা বলেছেন, ঘাটাইল এলাকায় অ্যানথ্রাক্সের যে সংক্রমণ দেখা দিয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার আক্রান্তদের চিকিৎসার যথাযথ উদ্যোগ নিয়েছে।গতকাল শনিবার দুপুরে তেলীপাড়া গলগণ্ড গ্রামে গিয়ে তিনজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। বাকি ছয়জন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। রোগীরা কোথায় গেছেন, তা জানাতে অস্বীকার করেন পরিবারের অন্য সদস্যরা।ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইফুল মালেক ভয়ে রোগীদের আত্মগোপন করার কথা স্বীকার করেন। তিনি বলেন, পালিয়ে বেড়াচ্ছেন বলে আক্রান্ত ব্যক্তিদের তিনি চিকিৎসা দিতে পারছেন না।২৩ এপ্রিল গ্রামের মহিরউদ্দিনের একটি ষাঁড় অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করার উদ্যোগ নেওয়া হয়। মাংস কাটা ও ধোয়ার কাজে অংশ নেওয়া নয় ব্যক্তির শরীরে পরের দিন ফোসকা ওঠে ও ব্যথা হয়। এই রোগকে সাইফুল মালেক অ্যানথ্রাক্সের সংক্রমণ বলে জানিয়েছিলেন। আইইডিসিআরের কর্মকর্তারাও প্রথম আলোর কাছে অ্যানথ্রাক্সের সংক্রমণের কথা স্বীকার করেছেন।কলেজছাত্র শহীদুল ইসলাম জানান, কে বা কারা এলাকায় ভীতিকর তথ্য ছড়াচ্ছে। ফলে আক্রান্তরা কারও সামনে আসতে ভয় পাচ্ছেন। পার্শ্ববর্তী সাধুরপাড়া গলগঞ্জ গ্রামের মীর্জা আসাদ ঢাকায় চাকরি করেন। তিনি বলেন, বাড়ি এসে মায়ের কাছে তিনিও এই কথা শুনেছেন।আইইডিসিআরের পরিচালক মাহমুমুদর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ঘাটাইল এলাকায় ‘কিউটেনাস অ্যানথ্রাক্সের’ সংক্রমণ দেখা দিয়েছে। এই রোগের জীবাণু মানুষ থেকে মানুষে ছড়ায় না। অ্যানথ্রাক্স আক্রান্ত গরু থেকে এর সংক্রমণ ঘটছে। তিনি বলেন, ভয়ের কিছু নেই, আক্রান্তরা চিকিৎসা নিলেই সুস্থ হয়ে উঠবেন। সরকারের প্রাণিসম্পদ বিভাগের পরিচালক (জাতীয় কৃষিপ্রযুক্তি প্রকল্প) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘাটাইল এলাকায় গরুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার কাজ শুরু করেছে সরকার। এই দুজনই অসুস্থ গরুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন।