অ্যানথ্রাক্স সংক্রমণ রোধে বঙ্গবন্ধু সেতুর কাছে তল্লাশি চৌকি বসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে গরুভর্তি ট্রাককে সেতু পার হওয়ার অনুমতি দেওয়া হবে। গতকাল শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নূকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক জনসচেতনতার সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এ কথা জানান।এদিকে ওই উপজেলায় নতুন পাঁচজন অ্যানথ্রাক্স (তড়কা) রোগে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা বা স্যানিটারি ইন্সপেক্টররা গরুবাহী ট্রাক পরীক্ষা করবেন। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও প্রাণিসম্পদ বিভাগের সনদ ছাড়া কোনো গরু-ছাগল অন্য স্থানে পরিবহন বা জবাই করা যাবে না। এর ব্যতয় হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, গো-সম্পদ রক্ষায় ইউনিয়ন পর্যায়ে জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে সরকার প্রাণী-বিমাও চালু করবে। এ বিষয়ে ৩০ আগস্ট এক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আবদুল লতিফ বিশ্বাস বলেন, তড়কা রোগের মড়ক প্রতিরোধে প্রাণিসম্পদ বিভাগ, মিল্ক ভিটাসহ সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। প্রতিষেধকের যথেষ্ট মজুদ আছে। এর উৎপাদনও অব্যাহত রয়েছে। আক্রান্ত এলাকায় প্রতিষেধক বিনা মূল্যে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।এলাকার গোখামারিদের উদ্দেশে মন্ত্রী বলেন, মিল্ক ভিটার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে এই এলাকায় দুধ থেকে বিভিন্ন খাদ্য উৎপাদনসহ নতুন পণ্য উৎপাদনের জন্য আরেকটি কারখানা স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। তাই দুধের দাম কমে যাওয়ার সম্ভাবনা নেই। সভার পর বিদ্যালয় চত্বরে গবাদিপশুকে প্রতিষেধক দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে পাঁচজন নতুন তড়কা রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ১৯৭ জনে পৌঁছেছে। সিভিল সার্জন নূরুল ইসলাম জানান, সব রোগীকে বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। এ ছাড়া গত শুক্রবার নূকালী গ্রামে মারা যাওয়া দুটি গরুর হাড়গোড় ও রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। সিরাজগঞ্জের অস্থায়ী পরীক্ষাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রণজিৎ কুমার চক্রবর্তী জানান, পরীক্ষায় তড়কা রোগের কোনো জীবাণু পাওয়া যায়নি।এদিকে গতকাল উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া মহল্লায় হাসান আলী নামের এক ব্যক্তির রোগাক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রি করার সময় উপজেলা প্রশাসনের লোকজন তা আটক করে মাটিতে পুঁতে ফেলে। গরুটি তড়কা রোগে আক্রান্ত হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মদ। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, নতুন তড়কা রোগে আক্রান্তের সন্ধান পাওয়া গেলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবস্থার উন্নতি হচ্ছে। জামালপুরে অ্যানথ্রাক্সে পাঁচটি গরুর মৃত্যুপাবনা ও সিরাজগঞ্জের পর এবার জামালপুরেও অ্যানথ্রাক্স (তড়কা) রোগের সংক্রমণের খবর পাওয়া গেছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামে গত বৃহস্পতিবার বারেক মিয়ার একটি ষাঁড়, আরামনগরে পনি মিয়ার একটি গাভি ও গফুর মণ্ডলের একটি ষাঁড় এবং সামর্থ্যবাড়ী গ্রামের আবদুর রহমান শেখের একটি গাভি ও ভুরারবাড়ী গ্রামের মতিউর রহমানের একটি গাভি মারা গেছে।সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবারণ চন্দ্র গোপ জানান, প্রাথমিকভাবে তাঁরা দুটি গরু মারা যাওয়ার খবর পেয়েছেন। ধারণা করা হচ্ছে, গরুগুলো তড়কা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি আরও জানান, উপজেলার আট হাজার গরুকে তড়কা রোগের প্রতিষেধক দেওয়া হয়েছে।