অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও দুজন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আরও দুজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। তারা হলেন পোরজোনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামের শাহনাজ খাতুন (১৩) ও রূপবাটি ইউনিয়নের কুঠিরপাড়া গ্রামের মানিক (২৮)। এ নিয়ে এ পর্যন্ত শাহজাদপুর ও পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলায় মোট ৫০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হলো। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, গত বুধবার পোরজোনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামে অসুস্থ একটি খাসির মাংস কাটার কাজ করায় শাহনাজ খাতুনের শরীরে অ্যানথ্রাক্স রোগের জীবাণু সংক্রমিত হয়। অপরদিকে গত ২৬ মে রূপবাটি ইউনিয়নের কুঠিরপাড়া গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত খাসির মাংস কাটার কাজ করতে গিয়ে কয়েকজন আক্রান্ত হয়েছিল। ওই রোগীদের সঙ্গী মানিকের শরীরে গতকাল সোমবার অ্যানথ্রাক্সের চিহ্ন দেখা দেয়। আক্রান্তদের সবাইকে শনাক্ত ও বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।