চামড়াশিল্পে ৭০০ কোটি টাকার ক্ষতি
অ্যানথ্রাক্সে মারা যাওয়া পশুর মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার
অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া পশুর মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার। তবে কী হারে ক্ষতিপূরণ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের এ কথা জানান।প্রাণিসম্পদমন্ত্রী জানান, অ্যানথ্রাক্স পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর মৃত গবাদিপশুর প্রকৃত সংখ্যা নিরূপণ করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি বলেন, তাঁরা আশা করছেন, কোরবানির আগেই অ্যানথ্রাক্স পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। চামড়াশিল্পে ৭০০ কোটি টাকার ক্ষতিবাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে গতকাল নিজ কার্যালয়ে বৈঠক করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীকে জানান, অ্যানথ্রাক্সের কারণে পশু জবাই কমে যাওয়ায় দেশের চামড়াশিল্পে গত দেড় মাসে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। লতিফ বিশ্বাস বলেন, ১৮ সেপ্টেম্বর থেকে দেশে কোনো পশুর অ্যানথ্রাক্স ধরা পড়েনি। এতে অ্যানথ্রাক্স বর্তমানে সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে বলে মনে হয়। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আমরা পর্যবেক্ষণ করছি।’ অ্যানথ্রাক্স-আক্রান্ত বিভিন্ন জেলায় পর্যাপ্ত ভ্যাকসিন (টিকা) সরবরাহ ও মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ ও মহাসচিব আবদুল হাই সাংবাদিকদের জানান, গত দেড় মাসে তাঁদের চামড়া সংগ্রহের পরিমাণ ছিল স্বাভাবিক অবস্থার তুলনায় মাত্র ২০ শতাংশ। ফলে তাঁদের মজুদ প্রায় শেষ। বড় ব্যবসায়ীদের গুদামও আগামী ১৫ দিনের মধ্যে খালি হয়ে যাবে। এতে প্রায় ৬৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়তে পারেন। প্রসঙ্গত, গত ১৮ আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলায় প্রথম গরুর মধ্যে তড়কা বা অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা যায়। পরে তা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে।