অ্যানথ্রাক্সের আতঙ্ক কাটায় জমে উঠেছে পশুর হাট
ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জে গবাদিপশুর হাটগুলো জমে উঠেছে। গরুর ব্যবসায়ীরা এখান থেকে গরু কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। অ্যানথ্রাক্সের আতঙ্ক কেটে যাওয়ায় এবং এখানকার গবাদিপশু ভ্যাকসিনের আওতায় আনায় গরুর চাহিদা বেড়েছে।গত রোববার উত্তরাঞ্চলের অন্যতম প্রধান গরুর হাট হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী হাটে গরুর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিনে গবাদিপশুর চাহিদা বেড়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে কোরবানির পশু কিনছেন। জেলার শাহজাদপুর উপজেলার তালগাছী, উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া, সদরের কান্দাপাড়া হাটে অনেক গরু উঠেছে। ছোট ষাঁড়ের চাহিদাই বেশি। তবে গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম হওয়ায় বিক্রেতারা নাখোশ।তিন মাস আগে সিরাজগঞ্জের কয়েকটি উপজেলায় আকস্মিকভাবে অ্যানথ্রাক্স দেখা দেয়। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায়ও এই রোগের বিস্তার ঘটে। পরে সরকার অ্যানথ্রাক্স প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেয়।