অসুস্থ গবাদিপশু জবাই ও অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ
অ্যানথ্রাক্সের সংক্রমণ চার উপজেলায়
দেশের দুটি জেলার চারটি উপজেলায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগের সংক্রমণ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞরা সিরাজগঞ্জের শাহজাদপুরে নয়জন, উল্লাপাড়ায় ২০ জন এবং টাঙ্গাইলের মধুপুরে আটজন ও ধনবাড়ীতে ছয়জন অ্যানথ্রাক্স-আক্রান্ত রোগী শনাক্ত করেছেন।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, সাধারণত বর্ষা মৌসুম বা তার পরপরই অ্যানথ্রাক্স রোগ দেখা দেয়। তবে এ বছর জানুয়ারি মাসেই অ্যানথ্রাক্স-আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়।
দেশে রোগের প্রকোপ ও প্রাদুর্ভাবের ওপর নজরদারি করে আইইডিসিআর। প্রতিষ্ঠানটি বলছে, জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত চারটি জেলায় ১৯১ জন অ্যানথ্রাক্স-আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মেহেরপুরের গাংনী উপজেলায়। মাহমুদুর রহমান জানান, গাংনী উপজেলায় জানুয়ারিতে অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়। এ বছর মোট ১২৭ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ওই উপজেলায়। তবে সেখানে এখন কোনো আক্রান্ত ব্যক্তি নেই।
এর বাইরে মার্চে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৩ জন ও মে মাসে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটজন অ্যানথ্রাক্স-আক্রান্ত ব্যক্তি শনাক্ত করে আইইডিসিআর।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স-আক্রান্ত গবাদিপশুর শ্লেষ্মা, লালা, রক্ত, মাংস, হাড়, নাড়িভুঁড়ির সংস্পর্শে এলে মানুষ এ রোগে আক্রান্ত হয়। এ রোগ গবাদিপশু থেকে মানুষে ছড়ায়, তবে মানুষ থেকে মানুষে ছড়ায় না। মানুষের শরীরে এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে চামড়ায় ঘা সৃষ্টি হওয়া। মাহমুদুর রহমান অসুস্থ গবাদিপশু জবাই না করা ও অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া (ব্যাসিলাস অ্যানথ্রাকিস) অ্যানথ্রাক্সের কারণ। মাটির নিচে বহু বছর এরা বেঁচে থাকতে পারে। বর্ষা মৌসুমে এরা মাটির নিচ থেকে ওপরে উঠে আসে। গরু, ছাগল, মহিষ বা ভেড়া ঘাস খাওয়ার সময় এদের শরীরে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে। জীবাণু শরীরে প্রবেশের পর গবাদিপশু খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে।
মাহমুদুর রহমান বলেন, ‘গবাদিপশুদের টিকা দিয়ে অ্যানথ্রাক্স প্রতিরোধ করা হয়। আমরা ইতিমধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরকে সংশ্লিষ্ট জেলাগুলোতে গবাদিপশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছি।’
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো গবাদিপশুতে কোনো রোগের লক্ষণ দেখা দিলে স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয় বা পশু চিকিৎসকের পরামর্শ নিতে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে।