অ্যানিমেল সায়েন্স কোর্স চালুর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএসসি অ্যানিমেল সায়েন্স কোর্স চালু না করার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে পবিপ্রবি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা গতকাল রোববার বিক্ষোভ করেছেন। নিজ নিজ দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষাও বর্জন করেছেন শিক্ষার্থীরা। ইউজিসি গত ১৭ জুলাই পবিপ্রবিসহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর্থসামাজিক অবস্থার সঙ্গে সংগতিহীন ও অকার্যকর বিএসসি অ্যানিমেল সায়েন্স (অনার্স) কোর্স চালু না করতে নির্দেশ দিয়ে চিঠি পাঠায়।ইউজিসির এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে পবিপ্রবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। এদিকে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও ইউজিসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। অন্যদিকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ইউজিসির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেন। পরে বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, প্রক্টর আবু হাদী নূর আলী খানসহ অন্য শিক্ষকেরা উভয় অনুষদের শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান রেখে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।জানতে চাইলে বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন জালাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রকৃতপক্ষে এটি আন্দোলন করার মতো বিষয় নয়। পশুপালন অনুষদ আন্দোলন করছে, তাই ভেটেরিনারি অনুষদও আন্দোলন করছে। বিষয়টি অচিরেই মীমাংসা হবে বলে আশা করছি।’অপরদিকে বাকৃবির পশুপালন অনুষদের ডিন এম এ সামাদ বলেন, ‘ইউজিসি তাদের সিদ্ধান্ত বাতিল করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’