অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগে ভর্তি বিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক নবিবুর রহমান।সংবাদ সম্মেলনে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগ খোলার প্রতিবাদে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বছরের ৮ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ২০ অক্টোবর ইউজিসির সদস্য অধ্যাপক আতফুল হাইকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগ খোলার যৌক্তিকতা যাচাই করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই গত ১৫ জানুয়ারি বিএসসি অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ভর্তিও করানো হচ্ছে। অথচ ভর্তি পরীক্ষার সময় অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিল না। সংবাদ সম্মেলনে বলা হয়, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগকে অক্ষুণ্ন রেখে শুধু অ্যানিমেল হাজবেন্ড্রি আলাদা কোনো বিভাগ হতে পারে না। কারণ, দুটির কারিকুলাম ও সিলেবাস একই ধরনের। আবার অ্যানিমেল হাজবেন্ড্রি বিএসসি কোর্স চার বছর ও ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রির কোর্স পাঁচ বছরের হলেও চাকরি ক্ষেত্রে দুটি সমমান ঘোষণা করা হয়েছে।এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আতফুল হাই শিবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।