অ্যানেসথেসিয়ায় ছাত্রীর মৃত্যু, চারজনের বিরুদ্ধে মামলা
সনদ নেই এমন একজন অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) অস্ত্রোপচারের জন্য অ্যানেসথেসিয়া দিলে জান্নাতুল ফেরদৌস ওরফে লিম্পা নামের এক স্কুলছাত্রী মারা গেছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের মিতি প্লাজায় বেসরকারি রিজেন্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।
গতকাল বুধবার পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাঁকে দুই দিনের রিমান্ডে নিয়েছে।
পল্লবী থানার পুলিশ জানায়, গতকাল পুলিশ বাদী হয়ে রিজেন্ট হাসপাতালের কথিত অবেদনবিদ ফারুক হোসেন, অর্থোপেডিক চিকিৎসক নাসিরউদ্দিন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মেসবাউল ইসলাম ও চিকিৎসকের সহকারী সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেছে। পরে পুলিশ ফারুককে গ্রেপ্তার করে। গতকাল পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মুহম্মদ কামাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ফারুক বলেছেন, তিনি অ্যানেসথেটিস্ট নন, এ বিষয়ে তাঁর কোনো সনদও নেই। তবে রিজেন্ট হাসপাতালে তিনি দীর্ঘদিন অস্ত্রোপচারের সময় রোগীদের অ্যানেসথেসিয়া দিয়ে আসছেন।
পুলিশ কর্মকর্তা কামাল হোসেন বলেন, এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পল্লবীর কালশী বস্তির বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লিম্পার অনেক দিন আগে হাত ভেঙে যায়। চিকিৎসার পর হাতটি বাঁকা হয়ে যায়। লিম্পা কালশীর একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। রিজেন্ট হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে লিম্পার বাঁকা হাতটি স্বাভাবিক করে দেওয়ার আশ্বাস দেন। এরপর স্বজনেরা লিম্পাকে রিজেন্ট হাসপাতালে নিয়ে যান। রাতে কথিত অবেদনবিদ ফারুক লিম্পাকে অ্যানেসথেসিয়া দিয়ে অজ্ঞান করেন। এরপর চিকিৎসক নাসির তাঁর হাতে অস্ত্রোপচার শুরু করেন। অস্ত্রোপচার শেষে লিম্পার আর জ্ঞান ফেরেনি। এরপর তাঁরা তাকে শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে মহাখালীর আরেকটি হাসপাতালে নেওয়ার পথে লিম্পা মারা যায়।
এ ব্যাপারে জানতে হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।