অ্যান্টার্কটিকায় পৌঁছেছে আল গোরের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের ‘আ ভয়েজ টু বটম অব আর্থ’ মিশনের সদস্যরা গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় অ্যান্টার্কটিকার হান্নাহ পয়েন্টে পৌঁছেছেন। অ্যান্টার্কটিকা সফরের লক্ষ্যে ২৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা তিনটায় পৃথিবীর সর্ব দক্ষিণের শহর আর্জেন্টিনার উসুয়াই থেকে তাঁর দল এ মিশনযাত্রা শুরু করেছিল। বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদসহ মিশনের সব সদস্য প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থানের পর তাঁদের বহনকারী ‘ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার’ জাহাজে ফিরে যান। স্থানীয় সময় বেলা আড়াইটায় ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) সাবেক নির্বাহী সচিব ক্রিস্টিনা ফিগারেসের সঞ্চালনায় তাঁদের পর্যবেক্ষণের ওপর আলোচনা হয়। আলোচনা অনুষ্ঠানে মিশন-প্রধান আল গোর, আইসল্যান্ডের প্রেসিডেন্ট গ্রিমসন, হাছান মাহমুদ, দক্ষিণ আফ্রিকার হিউম্যান স্যাটেলমেন্ট মিনিস্টার টোকিও স্যাক্সওয়ালে বক্তব্য দেন। আল গোর তাঁর মিশনের লক্ষ্য সম্পর্কে বলেন, বিশ্ববাসীর সচেতনতা সৃষ্টিতে তাঁর চেষ্টা তখনই সার্থক হবে, যখন সবাই বুঝতে পারবে যে বিশ্ব হুমকির মুখে, একে বাঁচাতে হবে। হাছান মাহমুদ বলেন, এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলা যায়, বিশ্বের উষ্ণায়ণ ঠেকানো মানব জাতির এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি জলবায়ু নিয়ে আলোচনার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় উষ্মা প্রকাশ করেন। এই প্রক্রিয়া আরও গতিশীল করতে তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। কোনো কার্বন নির্গমন ছাড়াই বিদ্যুৎ উৎপাদনে নিজ দেশের সফলতা ব্যাখ্যা করে আইসল্যান্ডের প্রেসিডেন্ট গ্রিমসন বিশ্ববাসীকে তাঁদের পদাঙ্ক অনুসরণের আহ্বান জানান।