অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডে ই-মেইল ও অভিযোগ বাক্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অপহরণ প্রতিরোধে গঠিত অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের ই-মেইল ও অভিযোগ জমা দিতে বাক্স খোলা হয়েছে। অপহরণ-সংক্রান্ত তথ্য দিতে ‘[email protected]’ এই ই-মেইল ব্যবহার করতে বলা হয়েছে।

গতকাল শনিবার অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের এই ই-মেইল ও অভিযোগ বাক্স খোলা হয়।
অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের প্রধান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা পুলিশ-ডিবি) মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষের অনুরোধে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের ই-মেইল চালু করা হয়েছে। এ ছাড়া নগরের মিন্টো রোডের ডিবি কার্যালয়ের প্রধান ফটকে ‘অভিযোগ বাক্স’ (অভিযোগপত্র বক্স) খোলা হয়েছে। অভিযোগকারীরা এখানে নির্ভয়ে তাঁদের তথ্য-প্রমাণসংবলিত কাগজপত্র জমা দিতে পারবেন।
অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের কর্মকর্তারা বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা পূর্ণাঙ্গ তথ্য দিতে স্কোয়াডের কাছে ই-মেইল খোলার অনুরোধ করেন। তা ছাড়া মুঠোফোনে তথ্য নেওয়ার সময় অনেক শব্দও ঠিকমতো বোঝা যায় না। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার মানুষ ফোনে পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় বিস্তারিত তথ্য দিতে সাহস পান না। তাঁদের অনুরোধে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ের প্রধান ফটকে অভিযোগ বাক্স খোলা হয়েছে। অভিযোগকারীরা এখানে নির্ভয়ে তাঁদের তথ্য-প্রমাণসংবলিত কাগজপত্র জমা দিতে পারবেন।
স্কোয়াডের প্রধান এডিসি ছানোয়ার হোসেন বলেন, ৩ মে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠনের পর সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ৪৭টি বিষয়ে অভিযোগ জমা পড়েছে স্কোয়াডে। এর মধ্যে নিখোঁজ-সংক্রান্ত অভিযোগের সংখ্যা ২০টি। এগুলো উদঘাটনে চেষ্টা চলছে। এঁদের মধ্যে তিনজন নিজেরা ফিরে এসেছেন। ওই কর্মকর্তা বলেন, অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড এ নিয়ে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে হাতকড়া, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। স্কোয়াডের প্রধান বলেন, ডিএমপির কোনো থানায় অপহরণ মামলা হলে তা এই স্কোয়াড গ্রহণ করে অপহূতকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে কাজ করবে। স্কোয়াড পুরোনো অপহরণের মামলাগুলোর রহস্য উদঘাটনেও সচেষ্ট থাকবে। যেসব ঘটনায় অপহূত উদ্ধার ও অপহরণকারী গ্রেপ্তার হয়েছে, সেই ঘটনাগুলোর অভিজ্ঞতা তদন্তের কাজে লাগানো হবে। গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের ওপরও নজরদারি বাড়ানো হবে।
৩ মে অপহরণ রোধ, অপহূত ব্যক্তিকে উদ্ধার ও এর সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করা হয়। এ ছাড়া অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর ছাড়া পাওয়া আসামিদেরও নজরদারিতে রাখছে স্কোয়াড। এই স্কোয়াডে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ২৪ ঘণ্টা হটলাইন চালু করা হয়। হটলাইনে যোগাযোগের নম্বর—০১৭১৩৩ ৯৮৩২৭।
ডিবির এডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেনের (এডিসি-ডিবি) নেতৃত্বাধীন এই স্কোয়াডের সদস্যসংখ্যা ৪০। এতে ডিবির দক্ষিণ ও উত্তর বিভাগের দুই সহকারী কমিশনারের আওতাধীন সব সদস্য যুক্ত থাকবেন।