আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতিবছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘জীবাণুনাশকের অকার্যকারিতা ও এর বিশ্বব্যাপী বিস্তার—আজ কিছু না করলে কাল রেহাই নেই’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৭০ বছর ধরে যে অ্যান্টিবায়োটিক মানুষের প্রাণ রক্ষা করে এসেছে, তা নির্বিচার ব্যবহারে কার্যকারিতা হারাচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগে এই ঝুঁকি মোকাবিলা করা জরুরি।বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন চিকিৎসকও ব্যবস্থাপত্র ছাড়া সব ওষুধ কিনতে পারেন না। কিন্তু বাংলাদেশে মানুষ অবাধে ওষুধ কিনতে পারে। ঔষধ প্রশাসন অধিদপ্তর বিষয়টি তদারক করতে পারে। কিন্তু সেখানে জনবলের অভাব আছে। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে সুনির্দিষ্ট কোনো আইন বা নীতি করা হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, দেশে বিভিন্ন বিষয়ে অসংখ্য নীতি ও আইন আছে। বাস্তবায়নের জায়গাটা আরও দৃঢ় করতে হবে। তিনি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেন। আরেক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা উবিনীগ-এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহার মানুষকে বিপদে ফেলছে। তিনি এ জন্য একশ্রেণীর চিকিৎসকের অর্থলিপ্সা ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অতি বাণিজ্যিক মনোভাবকে দায়ী করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীদিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা অ্যান্টিবায়োটিক সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো ও বিপর্যয় থেকে তাদের রক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।