অ্যাপে মিলবে পাবলিক টয়লেটের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক টয়লেটে ফাইল ছবি
পাবলিক টয়লেটে ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রাপথে গণশৌচাগার বা পাবলিক টয়লেট খুঁজে পেতে স্মার্টফোনভিত্তিক একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ। এ অ্যাপে দেশের চারটি প্রধান জাতীয় মহাসড়ক ও ঢাকায় অবস্থিত পাবলিক টয়লেটের তথ্য পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পথের যাত্রায় মানুষের ভোগান্তি কমিয়ে আনতে ও দেশব্যাপী পাবলিক টয়লেটের তথ্য সবার কাছে পৌঁছে দিতে এই অ্যাপ চালু করা হয়েছে। আগ্রহীরা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এ অ্যাপে ব্যবহারকারীর জিপিএসের অবস্থান অথবা সরাসরি অনুসন্ধানের মাধ্যমে পাবলিক টয়লেটের অবস্থান ও সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য জানা যাবে।

ওয়াটার এইড বলছে, দেশব্যাপী পাবলিক টয়লেটের সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সংস্থাটি পাঁচ বছর ধরে সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পাবলিক টয়লেট নির্মাণ ও সংস্কারের কাজ করে যাচ্ছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ওয়াটার এইডের সহযোগিতায় নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ২৮টি পাবলিক টয়লেট রয়েছে। এরই ধারাবাহিকতায় সবার জন্য শৌচাগার ব্যবহার সহজলভ্য ও সুগম করতেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

টয়লেটে পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে কিনা, সেটি প্রতিবন্ধী-বান্ধব কিনা, ব্যবহারের ফি রয়েছে কিনা এসব বিষয় অ্যাপটির মাধ্যমে জানা যাবে। টয়লেটের ছবি ও রিভিউ ব্যবহারকারীদের এর অবস্থা বুঝতে সাহায্য করবে। ব্যবহারকারীদের দেওয়া রিভিউ রেটিং অন্যদের উন্নত টয়লেট খুঁজতে সাহায্য করবে এবং একই সঙ্গে টয়লেটের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে সহায়তা করবে। অ্যাপটির ডাউনলোড লিংক- <https://play. google. com/store/apps/details? id=softworks. com. toilettracker>