অ্যাপোলো হাসপাতাল ও টিএমএসএস একত্রে কাজ করবে
ভারতের ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পরিচালিত রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে। শনিবার বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অ্যাপোলো হাসপাতালের লিভার প্রতিস্থাপন সার্জন রামদ্বীপ রায়। সভায় বক্তৃতা করেন অ্যাপোলো দিল্লির নিউরো সার্জন সুধীর কুমার তায়েগি, কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ কৈলাশ নাথ সিং, অর্থোপেডিকস সার্জন হার্ষ ভারগাভ, মার্কেটিং ম্যানেজার অজয় ভারতোয়াজ, অ্যাপোলো বাংলাদেশের প্রতিনিধি আবদুলাহ্ জামিল, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনদেভ, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, উপনির্বাহী পরিচালক মো. খায়রুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পরিচালক মতিউর রহমান, পরিচালক মোস্তফা কামাল প্রমুখ। অ্যাপোলোর চিকিৎসকেরা বলেন, বাংলাদেশের রোগীদের সচেতন করার লক্ষ্যে তিন মাস পর পর টিএমএসএসের উদ্যোগে সেমিনার হবে। যেখানে অ্যাপোলোর বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করবেন।