অ্যাপোলো হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা
অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে গতকাল মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালান।
র্যা ব সূত্র জানায়, অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালিত এই ফার্মেসি থেকে ৫১ ধরনের অনুমোদনহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়। এর অধিকাংশই অনুমোদনহীন; যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বলেন, ওষুধ প্রশাসনের অনুমোদন ও পরীক্ষা ছাড়াই এসব ওষুধ অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে বিক্রি করা হতো। এগুলো ব্যথা প্রশমনে ব্যবহার করা হয়। এ ধরনের ওষুধ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ওষুধগুলো ধ্বংস করা হবে।
এ অভিযানে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আখতার হোসেনসহ র্যা ব-১-এর একটি দল অংশ নেয়। র্যা বের একটি সূত্র জানায়, লাগেজ পার্টির মাধ্যমে বিদেশ থেকে এসব ওষুধ আনা হতো বলে ধারণা করা হচ্ছে। অ্যাপোলো হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) প্রসাদ মুগলিকার বলেন, জীবন রক্ষাকারী কিছু ওষুধ ভ্রাম্যমাণ আদালত জব্দ করেছেন। রোগীর আরগ্যের লক্ষ্যে এবং ভালো উদ্দেশ্যে এসব ওষুধ রাখা হয়েছিল। এসব ওষুধ এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে তিনি জানান।