অ্যাপোলো হাসপাতালে সেবিকাদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে চাকরিচ্যুতদের বহাল ও বেতন বাড়ানোর দাবিতে সেবিকারা গতকাল মঙ্গলবার বিকেল চারটা থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। এ সময় হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ থাকায় রোগীরা দুর্ভোগের শিকার হয়। বিশেষ করে মুমূর্ষু রোগীদের নিয়ে তাদের আত্মীয়স্বজন উৎকণ্ঠায় পড়েন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকেল চারটার দিকে অ্যাপোলো হাসপাতালের দুই শতাধিক সেবিকা চাকরিচ্যুত ১২ জন সহকর্মীকে বহালের দাবিতে কাজ বন্ধ কের দেন। তাঁরা কেবিন ও ওয়ার্ডে সেবা দেওয়া বন্ধ রেখে বিক্ষোভ করেন। ঘণ্টার পর ঘণ্টা এ অবস্থা চলার সময় হাসপাতালের সেবা কার্যক্রম অচল হয়ে পড়ে। এ সময় রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। মুমূর্ষু রোগীর স্বজনেরা দিশেহারা হয়ে কান্নায় ভেঙে পড়েন। বাড্ডা থানার পুলিশ হাসপাতালে গিয়ে সেবিকাদের অনুরোধ করে কাজে ফেরাতে ব্যর্থ হয়। পরে কাজে যোগ দিতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে বৈঠকে বসে।গতকাল রাত ১০টায় যোগাযোগ করা হলে হাসপাতালের নার্সিং কর্মকর্তা রোমানা আক্তার প্রথম আলোকে বলেন, সেবিকাদের দাবি নিয়ে আলোচনা চলছে। তাঁরা কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে চেষ্টা করেও হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।