অ্যাপোলোর বিরুদ্ধে রংপুর সিটি মেয়রের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ রংপুরে তাঁর নিজ বাড়িতে ঢাকার বেসরকারি অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সমেঞ্চলন করেছেন।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, হাত ভাঙা থাকার পরও সুস্থ দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দিয়েছে।
গুপ্তপাড়ার নিজ বাড়িতে গতকাল বেলা ১১টায় সংবাদ সম্মেলনে মেয়র জানান, ২৮ জুলাই কার্যালয়ের গাড়িতে করে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জের কামারখন্দের সীমান্ত বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। প্রথমে তাঁকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে অর্থোপেডিক কনসালট্যান্ট নন্দ কুমারের তত্ত্বাবধানে ১৯ দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ১৪ লাখ ৫৪ হাজার টাকা বিল দেওয়া হয়। এরপর তিনি রংপুরে নিজ বাড়িতে এক মাস বিশ্রামে ছিলেন।
মেয়র অভিযোগ করেন, বেশ কয়েক দিন ধরে তিনি ডান হাতে ব্যথা অনুভব করছিলেন। এ অবস্থায় গত সোমবার রাতে তিনি রংপুর শহরের বেসরকারি গুড হেলথ হাসপাতালে হাতের এক্স-রে করান। প্রতিবেদনে ডান হাতটি এখনো ভাঙা রয়েছে বলে দেখা যায়।
সরফুদ্দীন আহমেদ বলেন, ‘এত বড় একটি সুপ্রতিষ্ঠিত হাসপাতাল এক হাত ভাঙা রেখে কীভাবে ছাড়পত্র দিল, তা ভাবতে অবাক লাগছে। এভাবে একজন মেয়রের ওপর যদি অবহেলা হয়, তাহলে সাধারণ রোগীদের কী অবস্থা, তা আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’ তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান।
রংপুরে গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক সৈয়দ মামুনুর রহমান বলেন, এক্স-রে প্রতিবেদনে তাঁর ডান হাত ভাঙা রয়েছে এবং এটি এক মাসেরও আগে ভেঙেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাপোলো হাসপাতালের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরফুদ্দীন আহমেদ বা তাঁর পক্ষের কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। কেউ ভুল চিকিৎসার অভিযোগও করেননি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায় না। এমনকি অ্যাপোলো নিজ স্বার্থেই প্রতিটি ভুল চিকিৎসার অভিযোগ তদন্ত করে থাকে।